১.
কার্নিশের ওই পাখির মতো ফের আসি যদি
দ্বীপের মতো দাঁড়িও, নয়তো বইবে চক্ষু-নদী
কার্নিশের ওই পাখির মতো ফের আসি যদি
দ্বীপের মতো দাঁড়িও, নয়তো বইবে চক্ষু-নদী
২.
এই জীবন; যাপনের যোগ্য নয়, অসুখে ভরা
গড়াচ্ছে তবু, নদীর কাছে যেমনি গড়ায় সরা
৩.
আরেক দুয়ার খোলে, একটি দুয়ার বন্ধ হলে
দুই নদী বয়ে গেছে, এক সাগরে মিলবে বলে
৪.
যাযাবর হতে চেয়েছি অথবা পরিযায়ী পাখি
আষ্টেপৃষ্ঠের এই সংসার, কোথায় আর থাকি
৫.
হৃদয় কতটা বেদনা নেবে, সহ্য-ক্ষমতা কত
কে লিখে কার ক্ষত, বেদনা দিতে পারে যত
৬.
চোখে চোখটাই দেখলা, দেখলা না তার ক্ষত
ততটুকু বেদনা আছে, এক নদীতে পানি যত
৭.
শৈশবটা ফুরিয়ে গেছে মক্তবের সাথে সাথে
ফুরিয়ে যাব আমিও, কোনো নক্ষত্রের রাতে
৮.
যারা চলে গেছে তারা ফিরলে, কীইবা হতো
কীইবা হতো? যদি সবই পেত, যে যার মতো
৯.
উড়ন্ত পাখির গল্প ঝুলন্ত ডালে কদিন থাকে
ডালছেঁড়া পাতাকে গাছটি কদিন মনে রাখে
১০
বলো, কষ্টের এসব দিনের কথা, কাকে বলি
ব্যথা নিয়ে ঝরনাও নদীর দিকে যাচ্ছে চলি

0 মন্তব্যসমূহ