মেহেদী হাসানের কয়েকটি কবিতা

 

মসৃন দুঃখ

প্রাচীন মন্দিরের দেয়ালে
জীবন রেখেছি শেওলা ভরা প্রান্তরে কান্তারে।
তবুও পৃথিবীর রৌদ্রে পুড়ে যাচ্ছে দেহ।
বৃত্তের মতো গোলাকারে ঘুরছে প্রয়াণ,
জেনেছি,
পৃথিবীতে মানুষ দৃশ্যের মতো দৃশ্যমান,
এবং
তাদের হৃদয় সবুজ ঘাস, যে পরাগায়ন
সৃষ্টি করে প্রেমিকের দেহে।
তবুও
তারা পৃথিবীর তরে হেঁটে চলে মেরুর শহর,
পথ এঁকে দেয় বিষণ্নতার ব্যারিকেড,
অনুজ্ঞা দেয় বেঁচে থাকার।
চোখের অনলে সরষে ফুল ফুটে ওঠে রন্ধ্রে রন্ধ্রে,
কমলা রঙের রঙিন আলোয় ঠোঁট ফেটে
হয়ে যায় একাকার!
সর্বশেষ,
বেমালুম জীবনে কোমল হাতে ছুঁইয়ে দেয়
ঘুমিয়ে যাওয়ার প্রতীক্ষণে। বলে—
জীবন, তুমি ঘুমিয়ে যাও
পৃথিবীর মসৃণ দুঃখ গিলে।


শোকের ভাষা

সর্বস্ব সপে দেওয়ার পর বেদনার কাছে 
আর কি-ই বা বাকী থাকতে পারে।
সবুজ,নীল,রং থেকে বেরং সব কিছু 
রাত্রির বুক ছিঁড়ে পদার্পণ করে অন্ধকারে। 
মঞ্চে ঝুলে থাকা মৃত ব্যক্তির মতন 
অঘ্রাণে অঘ্রাত হয়ে পড়ে আছে 
অবাঞ্ছিত বেদনারা, সেসব বেদনা 
ম্লান দাড়িয়ে থাকে পৃথিবীর মধ্যস্থত চিহ্নে, 
যেনো — সব হতাশা ইস্তাম্বুলের নদী ঘেঁসে 
যাচ্ছে, দূর থেকে দূরে আরো দূরে,
পরিব্যস্ত বন্দরে, যে যার মতন 
নির্জনে সঞ্চার করে যাচ্ছে তাদের কর্মফল। 
পৃথিবীর তরে সব বেদনার নির্মল বাতাসের 
কর্ণধার সে,যে কি-না হৃদয় উপর দিয়ে চালায়
বেদনার তরী এবঙ জমিতে চালায় লাঙ্গল। 
এসবই বিপর্যস্ত হৃদয়ের অনুরচনা, 
এক বাই দুইয়ের ঘরে লিখা সব মর্মন্তুদ ভাষা। 


আমাকে নেও ঈশ্বর

একদিন সন্ধ্যার পথে হেঁটে হেঁটে 
সোজা চলে যাবো ঈশ্বরের কাছে 
গিয়ে বলবো আমাকে নেও— ঈশ্বর 
তোমার কাছে, তোমার সান্নিধ্যে
আমাকে দাও ঠাঁই। 
পৃথিবীর পৃথক চোখে আমার হৃদয় 
জ্বলে যাচ্ছে, নিরংকুশ বেদনার স্তরে,
নিগূঢ় দুঃখে পাখি গুলো বরাবর  
কাতরাচ্ছ বন্দী খাঁচার ভেতরে 
তাদের পালক খসে যাচ্ছে শিকারীর 
অট্টহাসিতে। পৃথিবীতে নিতান্তই
বেড়ে যাচ্চে আত্মহত্যা, আত্মহত্যার  
দগ্ধ হাওয়া উত্তরণ করেছে 
মানব জীবনের মাঝপথে। 
পৃথিবীর অগোচরে বেড়ে যাচ্ছে 
পৃথিবীর অসুখ, পুরোহিতগন 
বারংবার হয়ে উঠেছে শয়তান 
তাঁরা উপাসনা করছে যুবকের মৃত্যু।
ঈশ্বর তুমি তো জানো — এই দুঃখের 
সংসারে আমি অনন্তকাল হেঁটেছি 
মন খারাপের পথে, দীর্ঘ রাতে 
সূক্ষ্ম নীলিমার রশ্মি ধরে। 
ঈশ্বর —
পৃথিবীর আস্ফালিত দুঃখের বিমুখে 
আমি সোজা হেঁটে যাবো তোমার দিকে
আমাকে নেও ঈশ্বর, আমাকে নেও 
তোমার আরশের ছায়াতলে। 



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ