ছেলে শিশুটার হাতে একটা বেলুন
মেয়ে শিশুটার হাতে একটা বেলুন
একই রঙ, আকার আর হৃদয়াকৃতির
একসাথে কিছুক্ষণ খেলবে ওরা, হাসবে, কথা বলবে
নিজেদের ভাষায়
ক্রমে অন্যকোনো খেলার দিকে চলে যাবে মন
দুই বেলুন উড়ে যাবে দুইদিকে তারপর
আমরা ভাববো—
জড় কীভাবে রপ্ত করলো জীবের আচরণ...।
মেয়ে শিশুটার হাতে একটা বেলুন
একই রঙ, আকার আর হৃদয়াকৃতির
একসাথে কিছুক্ষণ খেলবে ওরা, হাসবে, কথা বলবে
নিজেদের ভাষায়
ক্রমে অন্যকোনো খেলার দিকে চলে যাবে মন
দুই বেলুন উড়ে যাবে দুইদিকে তারপর
আমরা ভাববো—
জড় কীভাবে রপ্ত করলো জীবের আচরণ...।
পৃথিবীতে সন্ধ্যা
যেনো মাছ
মাছই তো পাখিটা
পানির মতো গাছের ভেতর থেকে
ছোট্ট একটা উড়াল দিয়ে
আবার গাছেরই ঝোপে ঢুকে গেলো
যেনো মাছ
মাছই তো
ছোট্ট এক লাফে
দেখে নিলো পৃথিবীর অন্য বাস্তবতা
কী আছে এখানে
দুইটা বিড়াল
একটা মানুষ
আর এক মৃদু বিষধর
চলে গেলো গা ঘেঁষে এমন নিঃশব্দে
যেনো মাছটা
পাখিটা
এই নৈঃশব্দ্য চেটে
বলে গেলো পৃথিবীতে সন্ধ্যা
এইরূপে আসে
আমি একবার দেখলাম তারে
দেখলাম না আর
তাকায়ে আছি তবু তার
ডুবে যাওয়ার দিকে
জানি সে আছে
মাছটা, পাখিটা
ওই পানির ভেতর
ঝোপের ভেতর
বসে আছে
হয়তো সাঁতার কাটছে
অন্যকোনো বাস্তবতায়
একবার দেখলাম তারে
দেখবো না আর?
অপ্রমিত
জঙ্গল থেকে একটা ফুল তুললাম
গ্রাম্য একটা ফুল
টবে শোভা পায় না এমন
এ ফুল কখনও উপহার হবে না
ক্যাটক্যাটা রঙের পাপড়ি
কালো ছোপছোপ দাগ
শরীরজুড়ে উসখুস করছে বসন্ত
ঘ্রাণটাও অন্যরকম
নাকের কাছে ধরলে মনে হয়
আম্মার শাড়ি পরে তুমি সামনে দাঁড়িয়ে
কথা বলছো অপ্রমিত ভাষায়।
কালো ছাতা, নীল জুতা
ওয়েদার ফোরকাস্টে দেখাচ্ছে আজকে আমার শহরে বৃষ্টি হবে
সাথে তীব্র বজ্রপাত
চাইলে তোমার শহরেরটাও দেখে নিতে পারি
চোখ বন্ধ করলাম
কয়েকটা দৃশ্য স্পষ্ট হলো একসাথে
অর্ধেক ভিজে গেছো তুমি
অর্ধেক শুষ্ক
এটাই তুমি, তোমার জীবন
আমিও পা রাখলাম কংক্রিটে
কেচোদের রেখে যাওয়া নকশা মুছে
বৃষ্টি হচ্ছে শব্দহীন
অজস্র জলবিন্দুর ভাঙচুর ছাপিয়ে
মাথার ভেতর পরিচিত স্বর
বিরহকাতর
তোমার হাতে কালো ছাতা
তোমার পায়ে নীল জুতা
নসিব
আমার হৃদয়ে সুদিন ফেরাতে দুইটা শালিখের এক হওয়া জরুরী
একটা খুঁজে পাইলাম ঘরের বাইরে
আরেকটা খুঁজতে বের হয়ে হারায়ে গেছি
এইটা কোনো কথার কথা না
এইটা আমার নসিব
আমার নসিব এমনই, এখানে আল্লা পৃথিবীর সবচেয়ে হাস্যকর কথাগুলি লিখে দিয়েছেন।

0 মন্তব্যসমূহ