১।
হুটহাট করে চাইলেই মায়ের কাছে ফিরতে পারার মতো একটা জীবন হোক।
হতাশা, দুশ্চিন্তা থেকে মুক্তির পথ একমাত্র মায়ের কোল হোক।
মায়ের পাশে বসে যাবতীয় আলাপ করার মতো দীর্ঘ একটা সময় হোক।
মন খারাপ করা কথা
বার্তা, ক্লান্তি দূর করার জন্য মায়ের মুখে আজীবন হাসি থাকুক।
ঘোর জ্বরের রাতে মায়ের হাতের আদর মিশ্রিত জলপট্টি আজীবন কপালে থাকুক।
বাবার বকা আর মার খাওয়া থেকে বাঁচানোর জন্য আমার সামনে মা ঢাল হয়ে থাকুক।
মায়ের কাছ থেকে এত কিছু চাওয়ার পর,
আমার খুব করে মায়ের মতো করে মায়ের জন্য বলতে ইচ্ছে করে—
"আমার সন্তান থাকুক দুধেভাতে।"
১৩ মার্চ, ২৫ইং
২।
এই শহরের যানজট আর কোলাহল ছেড়ে দূরে কোথাও চলে যায় চলো।
এমন জায়গায় পালিয়ে যায় যেখানে সারাক্ষণ পাখিদের আনাগোনা,
বাতাসে মাটির সোঁদা গন্ধ,
রাত হলেই জোনাকিপোকার মিটিমিটি আলো।
চলো যায় এমন জায়গায় যেখানে বসে তোমায় শোনানো যায় সবকিছু,
আলাপ করা যায় রাজনীতি কিংবা সংসারে অভাবের কথা।
ভাগ করে খাওয়া যায় আলুভর্তা মিশিয়ে এক প্লেট গরম ভাত।
শুকনো পাতার মর্মর শব্দে তোমার দীর্ঘ শাড়ি বিছিয়ে দিলে ঘুমে জড়িয়ে যায় দুচোখ।
তাই চলো সবকিছু ছেড়ে পালিয়ে যায়..
৩।
এমনভাবে জেগে আছি, যেন রাত হলে পেঁচার জীবন পাই আমি।
এমনভাবে হেঁটে চলেছি, যেন সামনেই গন্তব্য— অথচ চারপাশে মরীচিকার ছড়াছড়ি।
এমনভাবে আগলে রেখেছি, যেন ছেড়ে দিলেই নিমিষে হাওয়ায় মিলিয়ে যাবে।
এমনভাবে খুঁজে চলেছি, যেন প্রকৃতির মাঝে লুকিয়ে থাকা নিষিদ্ধ কোনো ঝর্ণা।
এমনভাবে শান্ত হয়ে আছি, যেন ঝড়ের কোনো পূর্বাভাস।
এমনভাবে তাকিয়ে আছি, যেন নয়নজোড়া বহুবছর দেখেনি পৃথিবী।
এমনভাবে মিলিয়ে যাচ্ছি, যেন জটিল কোনো সমীকরণ।
এমনভাবে বেঁচে আছি, যেন মরুভূমির মাঝে পিপাসাকাতর কোনো উট।
১৬ এপ্রিল ২৫
৪।
যে কথা চাইলেও লিখতে পারি না
সে কথা তোমায় বলা যায়
নিজের ভালোলাগা খারাপ লাগা সমস্ত কিছুই।
রুমে চার দেয়াল আমার কাছে বিষন্ন লাগে
সবকিছুর মাঝেও এত হাহাকার এত শূন্যতার কথাও।
তোমাকে বলা যায় হোটেলের ভাত আমার খেতে ইচ্ছে করে না,
মায়ের হাতের রান্না কি ভীষণ মনে পরে।
রাস্তায় দাঁড়িয়ে শখের জিনিসের দিকে নজর দিয়ে চোখ ফিরিয়ে
নিয়ে আবার হাঁটা শুরু করি।
তোমাকে বলা যায় মাথা ব্যথা হলে আমার মাথার পাশে বসো,
আলতো করে ছুয়ে দাও আমার কপাল।
তোমাকে বলা যায় আমার বিষন্নতায় আমার কাঁপা হাত দুটো শক্ত করে চেপে ধরে রেখো।
তোমাকে বলা যায় সমস্ত দিনের নানা রকম ঘটনা
হাসি কান্না সবকিছুই তোমার সাথে ভাগ করে নেওয়া যায়।
এই সমস্ত কিছু চাইলেও লিখা যায় না কিন্তু প্রাণ খুলে তোমায় বলা যায়।
০৯ জানুয়ারি ২৫
0 মন্তব্যসমূহ