কবি কামরুল ইসলামের তিনটি কবিতা





ধর্ম

.

প্রেমের ধর্মে আমি কাফের; 

তবু তোমাকে দেখলেই 

আস্তিক হতে ইচ্ছে করে! 

.

২৪ এপ্রিল, ২০২৪




আগ্নেয়গিরি 

.

জ্বলতে জ্বলতে ছাই হয়ে আসে হৃদয়ের অরণ্য

তারপর, কোনো এক শেষ রাতের ট্রেনে

সে উড়ে আসে ঘরে ফেরার গানের মতো;

অমনি বইতে শুরু করে মিহি বাতাস

দাউ দাউ জ্বলে ওঠে বিধ্বস্ত বুকের বাগান

ভালোবাসার দায় কাঁধে নিয়ে

নরকের বিছানায় ফের শুয়ে পড়ে হৃদয়ের অনাথ শিশু... 


৬ এপ্রিল, ২০২৫




ঘুম

.

অনাহূত মাঘি ধারার মতো

ফিরে এসো ঘুম

এখানে এই রাত‌‌—

মৃত মানবীর শরীর 

তাকে রাখতে হবে 

সমতল বুক থেকে জেগে ওঠা গিরিখাতে


কৃষ্ণপাখিদের জেগে ওঠার আগে

ভিজে গেছে বিপন্নপ্রায় ছাদ

আর কুঁড়ি আসছে লাউয়ের ডগায়

ঘুম তুমি ফিরে এসো 

এই সবুজ নারকেল পাতায় 

তোমাকে দেবো নোলকের সাজ

এবং পেঁচার মতো বিস্ময় চেয়ে থাকা


রূপোলি জল ছদ্মবেশী ঝরাপাতা

নক্ষত্রেরা গেছে প্রতিবেশিদের অ্যালুমিনিয়াম ছাউনির ওপরে

এখানে তাই নেমেছে শ্মশানের রাত

তুমি চলে এসো ঘুম

হাত রাখো এই ভিরু জমিনের পরে

থামিয়ে দাও শিশুর কান্না

তাকে দাও দীর্ঘ অধরাঙ্গম

আর 

শুয়ে থাকো পাশে 

ফসলি মাঠের আলের মতো

হাঁটতে দাও কোমল সড়কে

পাকা ধান ঝরাতে ঝরাতে...

.

১ ফেব্রুয়ারি, ২০২৪




 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ